চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়াতে সবজি ক্ষেত থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মোহাম্মদ ইউনুস (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর ) বিকেল ৫টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নে ৬নং ওয়ার্ডের পশ্চিম খুরুশিয়া চেংগু এলাকা নামক স্থানে এ ঘটনা ঘটে। পেশায় তিনি একজন কৃষক ছিলেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের পর পশ্চিম খুরুশিয়া চেংগু পাহাড়ে সবজি ক্ষেতে কাজ করতে যান মো. ইউনুস। বিকাল ৪টার দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি কমলে সে ক্ষেত থেকে বাড়ি ফেরার পথে চেংগু নামক এলাকায় পৌঁছলে আকস্মিক বজ্রপাত শুরু হলে বজ্রপাত সরাসরি তাঁর বুকের ওপর আঘাত করলে তিনি লুটিয়ে পড়েন। এবং ঘটনাস্থলেই ইউনুস মারা যান

স্থানীয় বাসিন্দা দত্তবাবু জানান, ইউনুস চেংগু পাহাড়ে সবজির চাষ করেছিলেন। প্রতিদিনের ন্যায় আজও ক্ষেতের পরিচর্যা শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রপাতের বিকট শব্দে তিনি পড়ে যান। হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হিলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।

এদিকে এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।