রাঙ্গুনিয়ার মোগলের হাটের এক সাধারণ জনপদ থেকে হাজার মাইল দূরের যুক্তরাজ্যের লন্ডন— মাঝখানে পেরিয়ে গেছে দীর্ঘ পথ। জীবনের সেই পথচলায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ব্যবসা-বাণিজ্যে প্রতিষ্ঠিত হয়েছেন মোহাম্মদ আলমগীর। তবে প্রবাসের ব্যস্ত জীবনে ভুলে যাননি নিজের জন্মভূমি কিংবা শিকড়ের টান। দেশ ও প্রবাসে সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি এবার মিলেছে লন্ডনের সম্মাননার মঞ্চে। তাঁর এই অর্জনে গর্বিত রাঙ্গুনিয়ার মানুষ।
যুক্তরাজ্যের লন্ডনে সম্মাননা পুরস্কার পেয়েছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়ার কৃতিসন্তান, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ আলমগীর। সোমবার (২ নভেম্বর) লন্ডনের রমফোর্ডের মেফেয়ার হলে আয়োজিত বর্ণাঢ্য ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।
দেশ ও প্রবাসে সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন আসনের সংসদ সদস্য, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, সমাজসেবক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজানের সংসদ সদস্য আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, ফটিকছড়ির সংসদ সদস্য সরওয়ার আলমগীর, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চন্দনাইশের সংসদ সদস্য জসীম উদ্দিন, পটিয়ার সংসদ সদস্য এনামুল হকসহ বিশিষ্ট ব্যক্তিরা।
মোগলের হাট থেকে প্রবাসের পথচলা
মোহাম্মদ আলমগীর চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার হোসনাবাদ ইউনিয়নের মোগলের হাটের বিজয়নগর এলাকার মরহুম বদিউল আলমের সন্তান। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ব্যবসা-বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত তিনি। ব্যবসায়িক ব্যস্ততার পাশাপাশি দেশ ও প্রবাসে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে আসছেন।
নিজ এলাকার মানুষের প্রতি ভালোবাসা, সামাজিক দায়বদ্ধতা এবং মানুষের কল্যাণে কাজ করার মানসিকতার কারণে স্থানীয়দের কাছে তিনি একজন দানশীল ও সমাজসেবক হিসেবে পরিচিত। প্রবাসে অবস্থান করেও জন্মভূমির মানুষের সঙ্গে তাঁর নিবিড় সম্পর্ক ও জনকল্যাণমূলক উদ্যোগে সম্পৃক্ততা তাঁকে বিশেষভাবে পরিচিত করেছে।
গর্বিত জন্মভূমির মানুষ
লন্ডনে এ সম্মাননা অর্জনের খবরে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি নিজ জন্মভূমি রাঙ্গুনিয়ার মানুষের মধ্যেও আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে। স্থানীয় সচেতন মহলের মতে, প্রবাসে প্রতিষ্ঠিত এমন কৃতী ব্যক্তিদের অর্জন দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি নতুন প্রজন্মকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে অনুপ্রাণিত করবে।
তাঁদের প্রত্যাশা, মোহাম্মদ আলমগীর ভবিষ্যতেও নিজের অভিজ্ঞতা, সামর্থ্য ও মানবিক উদ্যোগ কাজে লাগিয়ে দেশ, সমাজ এবং প্রিয় জন্মভূমি রাঙ্গুনিয়ার মানুষের কল্যাণে অবদান রেখে যাবেন।
লেআউট সিলেক্ট করুন
রাঙ্গুনিয়ার মোগলের হাট থেকে লন্ডনের সম্মাননার মঞ্চে আলমগীর

