চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চাঁদাবাজি মামলার আসামি উত্তর জেলা যুবদলের বহিষ্কৃত সদস্য নাজিম উদ্দিন মাইকেল (৪৫) এবং চোরাই গরুসহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা রোকন উদ্দিনকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) রাতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ও লালানগর ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, রাঙ্গুনিয়া থানায় দায়ের করা একটি নিয়মিত চাঁদাবাজি মামলায় ইসলামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নাজিম উদ্দিন মাইকেলকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ওই এলাকার মৃত নাসির উদ্দিনের ছেলে।
অন্যদিকে, এক কৃষকের গোয়ালঘর থেকে চুরি হওয়া দুটি গরুসহ লালানগর ইউনিয়নের কালা গাজির বাড়ির বাসিন্দা রোকন উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তিনি আবদুল গফুরের ছেলে।
এদিকে, গ্রেপ্তার দুজনের রাজনৈতিক পরিচয় নিয়ে স্থানীয় রাজনৈতিক দলের দায়িত্বশীল নেতারা জানান, অভিযুক্তরা বর্তমানে দলের কোনো দায়িত্বে নেই। অপরাধের সঙ্গে জড়িত কারও বিষয়ে ছাড় দেওয়া হবে না।
এ বিষয়ে সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী বলেন, ‘দলের নাম ভাঙিয়ে সাধারণ মানুষকে কষ্ট দিয়ে কোনো অন্যায় করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থার পাশাপাশি দলীয় কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে। চাঁদাবাজিসহ যেকোনো অপরাধের সঙ্গে জড়িত কারও স্থান জাতীয়তাবাদী কোনো অঙ্গসংগঠনে হবে না।’
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন বলেন, চাঁদাবাজি ও গরু চুরির অভিযোগে দুই ব্যক্তিকে নিয়মিত মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
লেআউট সিলেক্ট করুন
ফন্ট ও ছবি লোড হচ্ছে...
রাঙ্গুনিয়ায় চাঁদাবাজি ও গরু চুরির অভিযোগে দু’জন গ্রেপ্তার

