চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ২০২৬ সালের এইচএসসি ও আলিম পরীক্ষায় আশানুরূপ ফল করতে পারেননি শিক্ষার্থীরা। উপজেলার ৯টি কলেজ ও ৭টি মাদ্রাসা থেকে দুই পরীক্ষায় অংশ নেওয়া ২ হাজার ৪৭ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন মাত্র ৯৫১ জন। সেই হিসাবে সম্মিলিত পাসের হার ৪৬ দশমিক ৪৬ শতাংশ। দুই পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন মাত্র ৭ জন।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, এইচএসসি পরীক্ষায় উপজেলার ৯টি কলেজ থেকে ১ হাজার ৭৯৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ৮৪০ জন। পাসের হার ৪৬ দশমিক ৮২ শতাংশ। তাঁদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪ জন।
অন্যদিকে, আলিম পরীক্ষায় ৭টি মাদ্রাসা থেকে ২৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১১১ জন। পাসের হার ৪৩ দশমিক ৮৭ শতাংশ। এ পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ৩ জন।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫২ দশমিক ০৭ শতাংশ। অন্যদিকে, সারা দেশে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ। বোর্ড ও জাতীয় পর্যায়ের ফলাফলের তুলনায় দুই পরীক্ষাতেই পিছিয়ে রয়েছে রাঙ্গুনিয়া।
কলেজভিত্তিক ফলাফলে সবচেয়ে ভালো করেছে রাঙ্গুনিয়া মহিলা কলেজ। প্রতিষ্ঠানটির ২৬২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১৬৬ জন। পাসের হার ৬৩ দশমিক ৩৬ শতাংশ। এ কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছেন ২ জন। মোহাম্মদ শাহ আলম চৌধুরী ডিগ্রি কলেজে ৬৭ জনের মধ্যে পাস করেছেন ৪১ জন। পাসের হার ৬১ দশমিক ১৯ শতাংশ।
দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া ডিগ্রি কলেজে ১১৯ জনের মধ্যে পাস করেছেন ৬২ জন। পাসের হার ৫২ দশমিক ১ শতাংশ। রাঙ্গুনিয়া সরকারি কলেজে ৮৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪০৩ জন। পাসের হার ৪৭ দশমিক ০৮ শতাংশ। এ কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছেন ১ জন।
দক্ষিণ রাঙ্গুনিয়া শিলক বালিকা মহাবিদ্যালয়ে ৪২ জনের মধ্যে পাস করেছেন ১৭ জন। পাসের হার ৪০ দশমিক ৪৮ শতাংশ। এ প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছেন ১ জন। রাজানগর রানীরহাট ডিগ্রি কলেজে ১৫৭ জনের মধ্যে পাস করেছেন ৬৩ জন। পাসের হার ৪০ দশমিক ১৩ শতাংশ।
এ ছাড়া উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজে ১৮০ জনের মধ্যে পাস করেছেন ৬১ জন। পাসের হার ৩৩ দশমিক ৮৯ শতাংশ। সৈয়দা সেলিমা কাদের চৌধুরী ডিগ্রি কলেজে ৫৬ জনের মধ্যে পাস করেছেন ১৬ জন। পাসের হার ২৮ দশমিক ৫৭ শতাংশ। রাঙ্গুনিয়া হাসিনা জামাল ডিগ্রি কলেজে ৫৫ জনের মধ্যে পাস করেছেন মাত্র ১১ জন। পাসের হার ২০ শতাংশ।
আলিম পরীক্ষায় মাদ্রাসাগুলোর মধ্যে সবচেয়ে ভালো ফল করেছে রাঙ্গুনিয়া নূরুল উলুম কামিল মাদ্রাসা। প্রতিষ্ঠানটির ৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ২৫ জন। পাসের হার ৬৪ দশমিক ১ শতাংশ। জামেয়া নঈমিয়া তৈয়বিয়া ফাযিল মাদ্রাসায় ২৯ জনের মধ্যে পাস করেছেন ১৪ জন। পাসের হার ৪৮ দশমিক ২৮ শতাংশ।
রাঙ্গুনিয়া আলমশাহ পাড়া কামিল মাদ্রাসায় ৫১ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২৩ জন। পাসের হার ৪৬ দশমিক ৯৪ শতাংশ। মাদ্রাসা-এ তৈয়বিয়া আদুদিয়া সুন্নিয়া ফাযিল মাদ্রাসায় ৪৩ জনের মধ্যে পাস করেছেন ১৮ জন। পাসের হার ৪১ দশমিক ৮৬ শতাংশ। তবে এ প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছেন ৩ জন।
রানীরহাট আল-আমিন হামেদিয়া ফাযিল মাদ্রাসায় ২৯ জনের মধ্যে পাস করেছেন ১১ জন। পাসের হার ৩৭ দশমিক ৯৩ শতাংশ। পোমরা জামেউল উলুম ফাজিল মাদ্রাসায় ৪৩ জনের মধ্যে পাস করেছেন ১৫ জন। পাসের হার ৩৪ দশমিক ৭১ শতাংশ। মরিয়মনগর ইসলামিয়া আলিম মাদ্রাসায় ১৯ জনের মধ্যে পাস করেছেন মাত্র ৫ জন। পাসের হার ২৬ দশমিক ৩২ শতাংশ।
ফলাফল সন্তোষজনক না হওয়ার বিষয়ে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সালমা ইসলাম বলেন, এবার পরীক্ষার সময় ঝড়-বৃষ্টির কারণে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের ভয় ও অনিশ্চয়তা তৈরি হয়েছিল। এর প্রভাব তাদের পড়াশোনায়ও পড়েছে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকায় নিয়মিত পড়াশোনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা থেকে তারা বঞ্চিত হয়েছে।
শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকার বিষয়ে আগে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছিল কি না জানতে চাইলে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে অভিভাবক ও শিক্ষার্থীদের সতর্ক ও সচেতন করা হয়েছিল। যাতে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা যায়। তারপরও ভালো ফলাফলের জন্য শিক্ষার্থীদের আরও মনোযোগী হতে হবে। পাশাপাশি তারা নিয়মিত পড়াশোনা করছে কি না, সে বিষয়ে শিক্ষক ও অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এদিকে, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ দেওয়ার উদ্যোগের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে ফল প্রকাশ অনুষ্ঠানে জানানো হয়, উদ্যোগটি বাস্তবায়িত হলে ফল প্রকাশের এক মাসের মধ্যে শুধু অকৃতকার্য বিষয়গুলোতে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। এতে তাঁদের পরবর্তী বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে না।
লেআউট সিলেক্ট করুন
রাঙ্গুনিয়ায় এইচএসসি ও আলিমে হতাশার ফল, জিপিএ-৫ মাত্র ৭

