চট্টগ্রামের আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য কামাল হোসেন চৌধুরীর নাম ও পরিচয় ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এসব আইডি থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি ছবি ব্যবহার করে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর পোস্ট প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এই আইনজীবী।

শনিবার (৩১ অক্টোবর) রাতে কোতোয়ালী থানায় দায়ের করা জিডিতে কামাল হোসেন চৌধুরী উল্লেখ করেন, রাত আনুমানিক ৮টার দিকে আদালত ভবন এলাকায় অবস্থানকালে ফেসবুক ব্রাউজ করার সময় তাঁর নজরে আসে, অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা তাঁর নাম ও পরিচয় ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক আইডি পরিচালনা করছেন।

জিডিতে ‘জীবন চৌধুরী’ ও ‘কামাল চৌধুরী’সহ বিভিন্ন নামে খোলা আইডির কথা উল্লেখ করা হয়েছে। এসব আইডি থেকে এআই প্রযুক্তিতে তৈরি বিভিন্ন ছবি ব্যবহার করে তাঁর সম্পর্কে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর তথ্য প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

এ ধরনের অপপ্রচারের কারণে তাঁর সামাজিক ও পেশাগত সুনাম ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন কামাল হোসেন চৌধুরী। পাশাপাশি ভবিষ্যতে ব্যক্তিগত নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কার কথাও জিডিতে উল্লেখ করেন তিনি।

এ ঘটনায় ভুয়া আইডিগুলোর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এই আইনজীবী। জিডির পরিপ্রেক্ষিতে কোতোয়ালী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন বলে আবেদনের নথিতে উল্লেখ রয়েছে।